আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
আমাদের সদস্যরা আগে নিজেকে পাল্টাবে তারপর দেশ: জামায়াত আমির
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪
জামায়াতে ইসলামীর প্রত্যেক সদস্য (রুকন) আগে নিজেকে পাল্টাবে তারপর তারা দেশটাকে পাল্টাবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহর সৃষ্টি যা আছে সবাইকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করতে হবে। আমরা তাদের সবাইকে আল্লাহর পথে ডাকবো।
শনিবার বেলা ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষাণ্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিরে জামায়াত বলেন, আমাদের বিরোধিতা যারা করেন, আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না, তারা সেটা পৌঁছায়ে দেয়। এই নামটা (জামায়াত) সর্বস্তরে পৌঁছে গেছে, এখন এই নামটা শুদ্ধভাবে পৌঁছায়ে দেন। পাবনার একটি ঘরও বাকি থাকবে না, যেখানে আমরা তাওহীদের দাওয়াত পৌঁছবো না।
তিনি বলেন, বৈষম্য এখনো দূর হয়নি। সাময়িক একটা স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লব আমাদের হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলার সাবেক আমির আব্দুর রহিম প্রমুখ।
রুকন সম্মেলনের পর দুপুরে তিনি পাবনা দারুল আমান ট্রাস্টে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মতবিনিময় করবেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.