আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৪
কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
ক্রমেই ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গ্রহণ। এদিনই আমেরিকার ভোটাররা বেছে নেবেন, পরবর্তী চার বছরের জন্য তাদের কান্ডারি হিসাবে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকে যে কোন একজনকে। নির্বাচনে কে জিতবেন তা নিয়ে চলছে বিভিন্ন জরিপ ।
আমেরিকান ভোটারদের মধ্যে পরিচালিত বিভিন্ন জরিপে কখনো বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এগিয়ে যাচ্ছেন, আবার কখনো এগিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামগ্রিকভাবে জরিপগুলোর ফলাফল বলছে, আসন্ন নির্বাচনে এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের দু’সপ্তাহ আগে রয়টার্সের জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ব্যবধান দাঁড়িয়েছে তিন শতাংশের। এই জরিপ জানাচ্ছে কমলাকে ৪৬ শতাংশ এবং ট্রাম্পকে ৪৩ শতাংশ আমেরিকান তাদের ‘প্রেসিডেন্ট’ পছন্দ করছেন।
এক সপ্তাহ আগে রয়টার্সের জরিপেও কমলা হ্যারিস এগিয়ে ছিলেন ট্রাম্পের চেয়ে। সেবার কমলার পক্ষ নিয়েছিলেন ৪৫ শতাংশ ভোটার আর ট্রাম্পের পক্ষ নিয়েছিলেন ৪২ শতাংশ ভোটার। এবার জরিপে উভয় প্রার্থীর পক্ষে ভোটার বেড়েছে বলে মনে হচ্ছে। ফলে দুই প্রার্থীর মধ্যে লড়াই জমে উঠবে।
এর আগে সোমবার প্রকাশিত এমারসন কলেজের জরিপে দেখা গেছে, আমেরিকার ৪৯ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ ডেমোক্র্যাট প্রার্থী কমলা। অন্যদিকে, ট্রাম্পের প্রতি ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আর, এবিসি নিউজের জরিপেও কমলা ৪৮ এবং ট্রাম্প ৪৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।
ভোটের ঠিক দুই সপ্তাহ আগে জনমত জরিপের এসব ফল ডেমোক্র্যাট দলের প্রচার শিবিরকে ভাবনা ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ, এর আগে অগস্টের তৃতীয় সপ্তাহে জনমত জরিপে ট্রাম্পের তুলনায় প্রায় চার শতাংশ বেশি ভোটদাতার সমর্থন পেয়েছিলেন কমলা।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ‘দোদুল্যমান’ রাজ্যের জনমত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন দেশটির নির্বাচন বিশেষজ্ঞদের একাংশ। এবিসি নিউজ বলছে, এই সাতটি প্রদেশের মধ্যে মিশিগান, উইসকনসিন এবং নেভাদায় মাত্র এক শতাংশ ব্যবধান এগিয়ে আছেন কমলা হ্যারিস।
অন্য দিকে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় এক পয়েন্টে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া ও অ্যারিজোনায় দুই পয়েন্টে এগিয়ে ট্রাম্প। গত বুধবার ফক্স নিউজের একটি জনমত সমীক্ষায় জানানো হয়, কমলার চেয়ে ট্রাম্প দুই পয়েন্টে এগিয়ে। ট্রাম্পের সমর্থন ৫০ শতাংশ আর কমলার ৪৮ শতাংশ।
বিভিন্ন জরিপে কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও তা নির্বাচন জয়ের জন্য যথেষ্ট না-ও হতে পারে। জরিপগুলো ভোটারদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। তবে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ হবে অঙ্গরাজ্যভিত্তিক ইলেকটোরাল কলেজের মাধ্যমে, যেখানে সাতটি অঙ্গরাজ্য নির্ধারক ভূমিকা পালন করবে। এই অঙ্গরাজ্যগুলোকে বলা হচ্ছে ‘ব্যাটলগ্রাউন্ড’ স্টেটস।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.