আজ
|| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
হজ্বযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৪
হজ্বযাত্রী নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ২০২৫ সালে হজ্বে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগের নির্ধারিত সময় অনুযায়ী হজ্বযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু এখনো কোটার বড় অংশ খালি রয়ে গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজ্বে গমনেচ্ছু ব্যক্তি, হজ্ব এজেন্সি, হজ্ব কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ্বপ্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজ্বযাত্রীদের অনুরোধ করা হলো।
এ সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৫ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ১৭ হাজার জন হজ্বযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব এজেন্সিগুলোর মাধ্যমে।
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় হজ্বের প্রাথমিক নিবন্ধন। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৪০ হাজারের মতো হজ্বযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.