আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিক্ষার্থীর ওপর শিবিরের হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের বিক্ষোভের ডাক
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর শিবিরের হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
বৃহস্পতিবার বিকেল ৫টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
ওই পোস্টে বলা হয়, সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর শিবিরের মারধর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সময় রাত ৮টা, স্থান রাজু ভাস্কর্যের পাদদেশ।”
উল্লেখ্য, কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রদলের সংঘর্ষ নিয়ে ফেসবুকে “মন্তব্য করায়” এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে কলেজের শিবির কর্মীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ জানান, বুধবার রাত ১২টার দিকে এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্নার উপস্থিতিতে তাকে রড দিয়ে মারধর করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির। এ বিষয়ে এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সংবাদমাধ্যমকে বলছেন, “আমি একটু আগে আহত শিক্ষার্থীকে দেখে হাসপাতালে দেখে এসেছি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না। এটি তৃতীয় পক্ষের কাজ; যারা আমাদের জনপ্রিয়তা দেখে ক্ষুদ্ধ হয়ে অপপ্রচার করছে। এ ঘটনায় এমসি কলেজ ছাত্র শিবিরের কোনো সম্পৃক্তা নেই।’’
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.