আবারও বিয়ের মসনদে বসেছেন ছোট ও বড় পর্দার অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের নববধূর নাম শিপা।
মিলনের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের দাওয়াতে তার বউ দেখতে এসেছি। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেন সুখী হয়।’
সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো। সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’ তবে কবে কোথায় তাদের বিয়ে হয়েছে তা উল্লেখ করেননি এই নির্মাতা।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ।
প্রসঙ্গত, মিলনের প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা।
তবে ২০১৩ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্রের সঙ্গে সামাজিক মাধ্যমে ফেসবুকে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। সেই ছবি থেকে জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মিহ্রান। আবারও নতুন জীবনে পা দিলেন এই অভিনেতা।