অনেক দিন পর রানে ফিরলেন মুশফিকুর রহিম। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই টানা চতুর্থ জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আসরের দশম রাউন্ডের ম্যাচে বুধবার অগ্রণী ব্যাংককে ৭৪ রানে হারায় মোহামেডান। ২৮৮ রানের লক্ষ্যে ১৬ বল বাকি থাকতে ২১৩ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।
দশ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সুপার লিগের টিকেট নিশ্চিত হয়ে গেল মোহামেডানের। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া অগ্রণী ব্যাংককে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
ঈদের বিরতির পর নবম রাউন্ডে খেলেননি মুশফিক। ফেরার ম্যাচে ৫৭ বলে ৭৫ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত ইনিংসে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ব্যাটে ইতিবাচক শুরু পায় মোহামেডান। অভিজ্ঞ ওপেনার ৪ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৪৬ রান করে ফেরেন। তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়। ২ চারে ৬১ বলে ৪২ রান করে আউট হন হৃদয়। মাহিদুলের ব্যাট থেকে আসে ২ চার ও ৩ ছক্কায় ৮৩ বলে ৬৪ রান।
মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও সাইফ উদ্দিনের ব্যর্থতার দিনে দায়িত্ব নেন মুশফিক। চলতি লিগে ছয় ইনিংসে প্রথম ফিফটি তুলে নেন ৩৮ ছুঁইছুঁই এই ব্যাটসম্যান।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় অগ্রণী ব্যাংক। তিন নম্বরে নেমে একপ্রান্ত ধরে খেলতে থাকেন অমিত। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ৩৭ রান করে ফেরেন মার্শাল আইয়ুব। আর কেউ ২০ রানও করতে পারেননি।
নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১০৫ রান করেন অমিত। ১২৩ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
মোহামেডানের হয়ে ৩টি করে উইকেট নেন মিরাজ ও ইবাদত হোসেন চৌধুরি। দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ পান ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৮৭/৭ (রনি ৪৬, আনিসুল ২, মাহিদুল ৬৪, হৃদয় ৪২, মুশফিক ৭৫*, মাহমুদউল্লাহ ১৬, মিরাজ ১৮, সাইফ ১২, নাসুম ৫*; রবিউল ৯-০-৬৬-০, শহিদুল ৯-০-৫৮-১, আরিফ ১০-০-৪৭-৩, নাঈম ৬-০-৩৫-০, তাইবুর ১০-০-৪১-১, জাহিদ ৪-০-২৩-১, শুভাগত ২-০-১৭-০)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৭.২ ওভারে ২১৩ (ইমরানউজ্জামান ০, সাদমান ৫, অমিত ১০৫, প্রিতম ২, মার্শাল ৩৭, তাইবুর ১৪, শুভাগত ২, জাহিদ ৮, শহিদুল ১৬, রবিউল ১১, আরিফ ৪*; ইবাদত ৯-১-৩৪-৩, সাইফ ৮-১-৩৭-০, নাসুম ১০-০-৪০-২, তাইজুল ১০-০-৪৫-২, মিরাজ ৮.২-০-৩৬-৩, আনিসুল ২-০-১৯-০)
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম