আজ
|| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় বর্ষবরণের শোভাযাত্রায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম। শোভাযাত্রায় ব্যানার ধরে সামনের সারিতে দেখা গেছে তাকে। এতে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। সামনের সারিতে ব্যানার ধরে অবস্থান নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামনের সারিতে তাদেরই পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে। গ্রেপ্তারের দাবি ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে। প্রশাসনকে দায়ী করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বলেও জানান তারা।
জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া সদর প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা অংশ নিয়েছিলেন শুনেছি। এ সংক্রান্ত ছবিও দেখেছি। বিষয়টি খুবই দুঃখজনক। মনে হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। অবিলম্বে আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তারের দাবি জানাই।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বী বলেন, কুষ্টিয়া প্রশাসন যে আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে তারই বহিঃপ্রকাশ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামির অংশগ্রহণের বিষয়টি দুঃখজনক। আমি মনে করি স্থানীয় প্রশাসন আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে।
আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা ছিল। ওই মামলায় আমি জামিনে আছি।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের দাবি, মোকাররম হোসেন মোয়াজ্জেমের অংশগ্রহণের বিষয়টি তার জানা নেই।
উল্লেখ্য, মোকাররম হোসেন মোয়াজ্জেম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তামজিন হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.