ছেলের কবুতর চুরির অপরাধে দুই মাকে (নাকে খত) শাস্তি দেওয়ার দেওয়ার ঘটনায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির (সদ্য বহিস্কৃত) সভাপতি দেলোয়ার হোসেন দেলু ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মহিউদ্দিন জসিমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী ।
বুধবার (০৭মে) ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন,একই ইউনিয়নের মাইন উদ্দিন(১), মাইন উদ্দিন(২), মোহাম্মদ রিসাল, নিজাম উদ্দিন, মোহাম্মদ সোহেল, আজাদ, মোহাম্মদ ইব্রাহীম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, সামছুর রহমান ও অনিক।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান
বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে
পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দৃষ্টিগোচর হওয়ায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাস স্বাক্ষরিত এক আদেশে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইদুর রহমানকে এব্যাপারে সত্যতা নিরূপণ করত; সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রতিবেদকসহ প্রাসঙ্গিক সাক্ষীদের ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারার জবানবন্দী রেকর্ডপূর্বক ভাইরাল হওয়া সংবাদ ও ভিডিও ক্লিপের সত্যতা যাচাইক্রমে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়।