শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা: আইন উপদেষ্টা

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিরপরাধ ব্যক্তিকে মামলা বাণিজ্য থেকে পরিত্রাণ দিতে সরকার সিআরপিসির বিদ্যমান ১৭৩(১) আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পরে প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে। আমরা নিজেরাই খুব বিব্রত, আমরা এগুলো সবাইকে জানানোর চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা, আরেকটি হচ্ছে মিথ্যা মামলা করে অর্থাৎ হয়তো মামলাটি হয়তো সঠিক কিন্তু সেখানে অনেক ব্যক্তিকে মামলায় আসামি করে এক ধরনের মামলা বাণিজ্য করা। সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বহুবার চেষ্টা করেছি। বাংলাদেশে যত বড় বড় আইনজীবী আছেন তাদের সঙ্গে কথা বলে, অনেকের সঙ্গে পরামর্শ করে আমরা একটি সিআরপিসিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি।

তিনি জানান, নতুন বিধানে বলা হয়েছে, পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তার এখতিয়ারাধীন কোনো মামলার বিষয়ে অযৌক্তিক মনে করলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্রুততম সময়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে বলবেন। প্রাথমিক রিপোর্টটি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছেও জমা দিতে বলবেন তিনি।

প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলার কাউকে আসামি করা সঠিক সিদ্ধান্ত হয়নি (পর্যাপ্ত সাক্ষী বা প্রমাণাদি নেই) তাহলে ওই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।

এসময় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, অফিস স্থাপন নিয়ে এমওইউ স্বাক্ষরের বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত সবাই একমত পোষণ করেছেন। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য ওএইচসিএইচআরের অফিস হবে, তবে পরবর্তীতে এটা রিনিউ করার সুযোগ রাখা হয়েছে।

দেশে মানবাধিকার লঙ্ঘন হলে এই সংস্থা শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মাগুরার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা