আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের ৩৯ জন প্রার্থী। তার মধ্যে ফেনী-১ আসনে ১০ জন, ফেনী-২ আসনে ১৪ জন ও ফেনী-৩ আসনে ১৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনটি সংসদীয় আসনে প্রত্যেকটিতে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জন, ফেনী-২ আসনে ৪ জন ও ফেনী-৩ আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত তথ্যে এসব তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনে বিএনপি থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, হাবীবুর রহমান নান্টু ও মজুমদার আরিফুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, খেলাফত মজলিসের মোহাম্মদ নাজমুল আলম, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী ও স্বতন্ত্র হিসেবে নিজাম উদ্দিন ভূঞা মনোনয়ন নিয়েছেন।
ফেনী-২ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১৪ জন। এর মধ্যে বিএনপি থেকে অধ্যাপক জয়নাল আবেদিন, মো. মশিউর রহমান বিপ্লব, মো. এয়াকুব নবী ভূঞা ও এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী। এছাড়াও জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা,আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মজিবুর রহমান মঞ্জু জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সামসুদ্দিন মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ একরামুল হক ভূঁঞা, খেলাফত মজলিশর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. হারুনুর রশিদ ভূঞা, আম জনতার দলের হাজী ওবায়দুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী (বাসদ) থেকে জসিম উদ্দিন ও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েছেন মো. ইসমাইল এবং মো. তারেকুল ইসলাম ভূঞা।
অন্যদিকে, ফেনী-৩ আসনে মনোনয়ন নিয়েছেন ১৫ জন। এরমধ্যে বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন আব্দুল লতিফ জনি, আবদুল আওয়াল মিন্টু ও সাহানা আক্তার। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে শহীদ উদ্দিন মাহমুদ, এনসিপি থেকে মোহাম্মদ আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো. হাসান আহমদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্বতন্ত্র হিসেবে মো. মাহবুবুল হক রিপন, সোলাইমান ভূঞা ও মোহাম্মদ জামাল উদ্দিন মনোনয়ন নিয়েছেন।
ফেনী-১ আসনে মনোনয়ন সংগ্রহের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু ইতোপূর্বে দৈনিক ফেনীকে জানান, এটি আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আগেও একাধিক মনোনয়ন নেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় এবারও মনোনয়ন নেওয়া হয়েছে।
দলীয় প্রার্থীর বিপরীতে ফেনী-৩ আসনে মনোনয়ন সংগ্রহের বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি বলেন, দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু যদি নির্বাচন না করেন তখন এ আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটিও দলের সিদ্ধান্ত।
বিগত সময়ে দলের জন্য ত্যাগ ও কাজগুলো বিবেচনা করলে আমিও তখন একজন যোগ্য দাবিদার। সেই অবস্থান থেকেই আমার মনোনয়ন ফরম সংগ্রহ করা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ। পরবর্তীতে তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে।