• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

মির্জা ফয়সল পেলেন ধানের শীষ, দেলাওয়ার দাঁড়িপাল্লা

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা।

প্রতীক বরাদ্দে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা। এরই মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটের মাঠ গোছাতে তৎপরতা শুরু করেছেন। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের মুখপাত্রদের উপস্থিতিতে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। কেউ নির্বাচনি পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থী ও তাঁদের সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা