বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
এর আগে, গত বছরের মে মাসে গঠিত কমিটিতে বিপিএসএ’র সভাপতি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তৎকালীন কমিশনার ড. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। পরবর্তীতে বিভিন্ন বিতর্কের কারণে নাজমুল করিম খানের কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।
গত ১৬ মার্চ পুলিশ সদরদপ্তরে কর্মরত মোসলেহ উদ্দিন আহমেদকে বদলি করে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি। কর্মজীবনে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএএমআইডি (UNAMID)-এ দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ।
অন্যদিকে, চলতি বছরের ৩০ এপ্রিল শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়। ঢাকায় প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এসপি হিসেবে দায়িত্ব পান। বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীন এর আগে পুলিশ সদরদপ্তরের এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার শাখার এআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রীও ছিলেন।