সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া না থাকার কারণেই মানুষ আজ খুন, সুদ, ঘুষ ও দুর্নীতিতে লিপ্ত হচ্ছে। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে সবার আগে ব্যক্তি গঠন ও সৎ চরিত্র অর্জন প্রয়োজন। কারণ, যে ব্যক্তির নিজের চরিত্র ঠিক নেই, তাকে যে পদেই বসানো হোক না কেন সে দুর্নীতি করবে।
বুধবার (১৩ মে) রাতে নোয়াখালীর চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাটখিল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারে দীর্ঘদিন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি। রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকেও আমি এক টাকাও ঘুষ খাইনি। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নেই, আমি এখনো ভাড়া ঘরে থাকি।’ বর্তমান সমাজে চুরি ও লুটপাট ফ্যাশনে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেককে একদিন কবরে আল্লাহর কাছে জবাব দিতে হবে।’
নিজের দায়িত্ব পালনকালে প্রশাসনিক সংস্কারের সফলতার কথা উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আল্লাহর ভয় অন্তরে ছিল বলেই আমরা হজ ব্যবস্থাপনায় সততা বজায় রেখে বিভিন্ন এজেন্সি এবং হাজিদের টাকা ফেরত দিয়েছি। এছাড়া সৌদি আরবের বাড়িওয়ালাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে হাজিদের ঘরভাড়ায় অর্থ সাশ্রয় করেছি।’ অপরাধীদের নৈতিক ও আধ্যাত্মিক সংস্কারের জন্য দেশের কারাগারগুলোতে ধর্মীয় বই বিতরণ এবং ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হেফজখানা চালু করার কথাও জানান তিনি।
সৎ চরিত্র গঠনের তাগিদ দিয়ে ড. খালিদ হোসেন বলেন, ‘আমাদের দেশে একটা মারাত্মক ভুল রেওয়াজ আছে। সারা জীবন মানুষ ঘুষ, সুদ ও ভেজাল ব্যবসা করে দাড়ি সাদা হলে জুব্বা গায়ে দিয়ে হজে যান। মনে রাখবেন, ডাকাত ও দুর্নীতিবাজদের এই অবৈধ ও হারাম টাকার হজ আল্লাহর দরবারে কস্মিনকালেও কবুল হবে না। একমাত্র হালাল টাকা দিয়ে সৎ উদ্দেশ্যে হজ করলেই কেবল জান্নাত লাভ সম্ভব।’
সমাজ ও পরিবারে মর্যাদা ধরে রাখতে চারিত্রিক সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৬০ বছরের অর্জিত সম্মান শেষ হতে মাত্র এক ঘণ্টাও সময় লাগে না।’ এ সময় তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের হক্কানি পীর-মাশায়েখ ও আল্লাহওয়ালাদের সান্নিধ্যে এসে আত্মশুদ্ধি অর্জনের আহ্বান জানান। পাশাপাশি অভাব-অনটন ও বিপদ-আপদ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাটখিল উপজেলা সদর শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বৈরী আবহাওয়ার মাঝেও এই মহাসমাবেশে চাটখিল উপজেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। রাতে আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ, শান্তি ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশের সমাপ্তি ঘটে।