ফেনীর সোনাগাজীতে মেহেরাজ হোসেন সোহান (৩২) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে সোনাগাজী সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের আজিম উদ্দিন ব্যাপারী বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহান ছাড়াইতকান্দি গ্রামের আজিজ লন্ডনী বাড়ির আমজাদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে তুলাতলী গ্রামের শাহাজাহানের ভাড়া বাসায় থাকতেন সোহান। পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন তিনি। এর মধ্যে এক সন্তান অসুস্থ হওয়া এবং পারিবারিক বিরোধ নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
তিন থেকে চার দিন ধরে সোহানের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার সন্ধ্যায় স্ত্রী অপি আক্তার ভাড়া বাসায় গিয়ে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে তিনি ভাড়া বাসার আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের স্ত্রী অপি আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে সোহানের মরদেহ দাফন করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।