• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
ফেনীতে গড়ে প্রতিদিন ২০ জনের ডেঙ্গু শনাক্ত বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কী হয়েছিল এই দিনে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ফেনীর বাজারের হালচাল দামে নাভিশ্বাস, কমেছে বেচাবিক্রি শর্শদি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী ফারুককে চায় এলাকাবাসী একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগের জটিকা মিছিল, গ্রেফতারে খুঁজছে পুলিশ টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে মাকে খুন, মেয়ে আটক

বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ

আমিরুল ইসলাম রাসেল / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
বিলোনিয়া যুদ্ধের পর বিধ্বস্ত পাক বাহিনীর ছাউনি (ছবি : এপি)। ডানে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত বিলোনিয়া যুদ্ধের স্মৃতিচিহ্ন (ছবি : সংগৃহীত)

বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ
সেদিন মুক্তির আগুনে পুড়েছিল পাক হানাদার বাহিনী

আজ ১০ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাকামী মুক্তিবাহিনীর কাছে পরাস্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয়েছিল ফেনীর বিরাট এলাকা। মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকিস্তানি সেনাবাহিনীর এটিই প্রথম আত্মসমর্পণের ঘটনা। একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মসমর্পণপর্বে পৌঁছাতে বাঙালিকে অনেক রক্ত দিতে হয়েছে। অদম্য সাহস আর অসামান্য ত্যাগের মানসিকতা সম্বল করে সেই যুদ্ধে ফেনীর বিলোনিয়ায় পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নধারীদের জন্য আশাজাগানিয়া খবর। পাঁচ দিনের তুমুল এক যুদ্ধ শেষে ১০ নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীর ৭২ জন সৈনিক আত্মসমর্পণ করেছিল। বিলোনিয়া যুদ্ধের রণকৌশল এখনো ভারত-বাংলাদেশের সামরিক স্কুলে পড়ানো হয়। ঐতিহাসিক স্মারক হিসেবে বিলোনিয়া যুদ্ধের মডেল স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীন ফেনীর সীমান্তবর্তী বিলোনিয়া অঞ্চল নিয়ন্ত্রণে রাখা মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে ভৌগোলিক-সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই এখানে দফায় দফায় যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের ইতিহাস দেশের সীমানার গণ্ডি ছাড়িয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাঝারি মাত্রার মেশিনগান দিয়ে বিমান ভূপাতিত করার কোনো পরিসংখ্যান যদিও নেই, তবুও বলা যায়, এমন দুর্লভ ঘটনা ঘটলেও সেটি একদমই হাতে গোনা দু-তিনটি হবে। আর সামরিক ইতিহাসের এমনই এক দুর্লভ ঘটনা ঘটেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, সেটি ঘটেছে বিলোনিয়ার যুদ্ধে।

সামরিক দিক থেকে ফেনীর ভৌগোলিক অবস্থান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ হয়েছিল দুই পর্বে। প্রথমে প্রতিরোধযুদ্ধ ছিল ১৯৭১ সালের ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত। পাকিস্তানের ১৫ বেলুচ রেজিমেন্ট, ২৪ ফ্রন্টিয়ার ফোর্স এবং ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের বাহিনীগুলোর বিরুদ্ধে প্রথম যুদ্ধটা এককভাবে মুক্তিবাহিনীই লড়েছিল। দ্বিতীয় যুদ্ধেও মুক্তিবাহিনীর অসমসাহসিকতার সঙ্গে যুক্ত হয়েছিল মিত্রশক্তি।

মুক্তিবাহিনীর টাস্কফোর্স কমান্ডার ছিলেন প্রথম যুদ্ধের অধিনায়ক ফেনীর সন্তান ক্যাপ্টেন জাফর ইমাম (পরবর্তীকালে লে. কর্নেল ও বীর বিক্রম), সহ-অধিনায়ক ক্যাপ্টেন গোলাম হেলাল মোর্শেদ খান (পরবর্তীকালে মেজর জেনারেল, বীর বিক্রম)। ৩ নম্বর সেক্টরের অন্যতম সাব-সেক্টর কমান্ডার হেলাল মোর্শেদকে পরে ডেকে আনা হয় এই যুদ্ধে।

প্রথম প্রতিরোধযুদ্ধ: কৌশলগত কারণে পশ্চাৎপসারণে মুক্তিবাহিনী

বিলোনিয়া বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ফেনী জেলার উত্তরে আন্তর্জাতিক সীমারেখা পর্যন্ত বিস্তৃত একটি অঞ্চল, যা ফাঁপা আকার (বাল্জ) নিয়ে ঢুকে গেছে ভারতের মধ্যে। উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্যবেষ্টিত বিলোনিয়া বাল্জ (ফুলগাজী ও পরশুরাম থানার অংশ) লম্বায় ২০-২৫ কিলোমিটার এবং আড়াআড়ি ৫-৭ কিলোমিটার। অঞ্চলটি মুক্তিযুদ্ধের সময় মেজর খালেদ মোশাররফ বীর উত্তমের ২ নম্বর সেক্টরের অধীন ছিল। সাব-সেক্টর কমান্ডার ছিলেন ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জাফর ইমাম বীর বিক্রম (পরে লে. কর্নেল)। তিনি পরে এ নিয়ে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ নামে বই লিখেছেন। ইংরেজিতেও লিখেছেন একই বিষয়ে আরেকটি বই। এ ছাড়া পাইওনিয়ার প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা সম্পাদিত ‘ফেনী-বিলোনিয়া: রণাঙ্গণের এক প্রান্তর’ বইয়েও এই যুদ্ধের ইতিবৃত্ত বর্ণনা করা হয়েছে। এই লেখকের অন্য বই ‘যুদ্ধ করেছি বিজয় এনেছি’-তে লিখেছেন বিলোনিয়া যুদ্ধ ও বীর যোদ্ধাদের নিয়ে যুদ্ধক্ষেত্রের স্মৃতিকথা।

বিলোনিয়া যুদ্ধের মূল কারিগর ছিলেন ফেনীর সন্তান লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। এপ্রিলের প্রথম সপ্তাহে জাফর ইমামসহ বেশ কয়েকজন সঙ্গী বাঙালি অফিসার ঢাকার বাসাবো ত্রিমোহিনী থেকে কুমিল্লা দিয়ে সীমান্ত অতিক্রমের জন্য রওনা দেন। এরপর নানা বাধা-বিপত্তি পার করে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কসবা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। ত্রিপুরার মেলাঘরে জাফর ইমামের সঙ্গে দেখা হয় ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ এবং মুক্তিবাহিনীর প্রধান কর্নেল এম এ জি ওসমানীর। প্রাথমিক অবস্থায় তাঁকে পাঠানো হয় বিলোনিয়া সেক্টরে।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে মাত্র ৩-৪ দিনের মধ্যেই ক্যাপ্টেন জাফর ইমাম বিলোনিয়া অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছাত্র-শ্রমিক-জনতা, সাবেক ইপিআর সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ফেলেন। এরপর তিনি ভারতের সীমান্তবর্তী রাজনগর ও বড় কাছারীতে প্রশিক্ষণ ক্যাম্প খোলেন এবং ২ নম্বর সাব-সেক্টর গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেন। এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিচ্ছিন্ন সামরিক ও গেরিলা অপারেশন শুরু করেন জাফর ইমাম। ভারত সীমান্তের রাজনগর ও বড় কাছারীতে পর্যায়ক্রমে স্থাপন করেন প্রশিক্ষণ ক্যাম্প। ফেনীর দিকে মুখ করে বিখ্যাত মুন্সিরহাট ডিফেন্স তৈরি করে অবস্থান গ্রহণ করেন। উদ্দেশ্য ছিল মুন্সিরহাট ডিফেন্সকে শক্তিশালী মুক্তিবাহিনীর ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করে পরবর্তী সময়ে ফেনী মুক্ত করা।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা ছিলেন একাত্তরের যোদ্ধা। গোলাম মুস্তাফা ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে গণযোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। কমান্ডিং স্টাফ অফিসার ও পাইওনিয়ার প্লাটুনের একাংশের কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে বীরত্বের স্বাক্ষর রাখেন। তিনি ছিলেন বিলোনিয়া যুদ্ধের একজন বীর যোদ্ধা।

৭ জুন ভোর থেকে পাকিস্তানি বাহিনী সামনে এগিয়ে গেলে জাফর ইমামের নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর গুলিবর্ষণের মুখে পড়ে। এ সময় ৬০ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর পাকিস্তানি বাহিনী জাফর ইমামের নেতৃত্বাধীন কোম্পানির ওপর বারবার আক্রমণের চেষ্টা চালিয়েও প্রতিবারই ব্যর্থ হয়। ৯ জুনের পর ফেনী-বিলোনিয়া অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। ফলে সবুজ ফসলে ভরা ধানখেতসহ নিচু এলাকাগুলো পানিতে ডুবে যায়। মুক্তিযোদ্ধাদের বাঙ্কারগুলোর ওপরে শক্ত গাছের গুঁড়ি ও মাটি দিয়ে আচ্ছাদিত ছিল। অঝোর বৃষ্টি, কর্দমাক্ত পথঘাট ও পানিতে টইটম্বুর যুদ্ধক্ষেত্র পাকিস্তানিদের বেকায়দায় ফেলে দেয়। এতদসত্ত্বেও ১১ জুন তারা চতুর্থবার বড় ধরনের আক্রমণ পরিচালনা করে। কিন্তু এবারও ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। ১৭ জুন পাকিস্তান বাহিনী সকাল থেকেই বিরতিহীনভাবে মর্টার ও আর্টিলারি শেলিং অব্যাহত রাখে। একপর্যায়ে তারা মুহুরী নদীর পশ্চিম পাড় থেকে পশ্চিম সীমান্তের জাম্মুড়া পর্যন্ত অগ্রসর হয়ে তুমুল আক্রমণ পরিচালনা করে। তবে সবচেয়ে কঠোর এবং সমন্বিত আক্রমণটি তারা করে মুক্তারবাড়ি এবং রেললাইন ও ট্রাংকসংলগ্ন ডিফেন্সের ওপর। গোলাগুলির একপর্যায়ে শত্রুপক্ষের একটি গুলি বাঙ্কারে গুলি করার ফাঁক (ফায়ারিং বে) দিয়ে ঢুকে হাবিলদার নুরুল ইসলামের (বীর বিক্রম) মাথার একাংশ ভেদ করে বের হয়ে যায়।

এই ডিফেন্স লাইন ছিল অপ্রতিরোধ্য। আর তা জান্তা ইয়াহিয়ার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই ডিফেন্স ভাঙতে পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে এলিট ডেথ কমান্ডোদের পাঠালেন তিনি। শেষমেশ হেলিবর্ন অপারেশন চালানো হলো। ২১ জুন নিশুতি রাত আর মুষলধারে বৃষ্টি। শত্রুর আর্টিলারির চাপ ছিল শূন্য। হঠাৎ হেলিকপ্টারের শব্দ, দুটি কপ্টার। মুক্তিবাহিনীর কাছে খবর রটেছিল, জেনারেল ওসমানী ও মেজর খালেদ আসবেন লাইন দেখতে। কিন্তু সেটা নিশ্চিত কোনো সংবাদ ছিল না। দুটি এমআই-৮ হেলিকপ্টার এসে নামিয়ে দিয়ে যাচ্ছিল পাকিস্তানের সবচেয়ে সেরা প্যারা কমান্ডোদের জগতপুরের পার্শ্ববর্তী এক খেলার মাঠে। হেলিকপ্টারে করে দুই প্লাটুন প্যারাট্রুপার নামিয়ে দিয়ে ডিফেন্সের ভেতরে ঢুকে আত্মঘাতী মিশনে নেমেছে পাকিস্তানি বাহিনী—‘ফাইট টিল ডেথ টু পেনিট্রেট ডিফেন্স লাইন অ্যান্ড ডিসকানেক্ট ফাস্ট ডিফেন্স লাইন উইথ মেইন লাইন অ্যান্ড ব্রেক আপ লাইন’।

২১ জুন পাকিস্তানি বাহিনীর ছত্রী সেনা অবতরণ, ট্যাংক ও আর্টিলারির সমন্বিত আক্রমণে শেষ পর্যন্ত বিলোনিয়া বাল্জের দখল ছেড়ে পশ্চাদপসরণ করে ভারতে চলে যেতে বাধ্য হয় জাফর ইমামের বাহিনী। সেটি ছিল রণকৌশলের একটি অংশ। পরে অবশ্য রণকৌশলগত কারণে এই ডিফেন্স মুহুরী নদীর পাড়ে প্রতিষ্ঠা করা হয় এবং দ্বিতীয় বিলোনিয়া যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। সেদিনের সেই সফল উইথড্রয়াল প্রাণ রক্ষা করেছিল প্রায় ৫০০-এর অধিক গণযোদ্ধা এবং পুরো একটি ব্যাটালিয়ন—সর্বমোট প্রায় ১ হাজার ৭০০ মুক্তিযোদ্ধার।

দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি, সংগঠিত হলো ‘দুর্ধর্ষ দশ’

বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি দুর্ধর্ষ ও ঐতিহ্যবাহী ব্যাটালিয়ন হলো ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এর পরিচিতি নামও ‘দুর্ধর্ষ দশ’। বিলোনিয়া যুদ্ধসহ মহান মুক্তিযুদ্ধে এ ইউনিট ব্যাপক অবদান রাখে। মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধকে আরও বেগবান করার জন্য প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর নির্দেশে তিনটি নিয়মিত ব্রিগেড গঠনের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ ফোর্সেস হেডকোয়ার্টার থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৯ম, ১০ম ও ১১তম ব্যাটালিয়ন প্রতিষ্ঠার নির্দেশ জারি করা হয়।

মূলত দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের পর পরিকল্পনা করা হয় বিলোনিয়া দ্বিতীয় যুদ্ধের। ১০ অক্টোবর ১৯৭১ সাল ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য একটি স্মরণীয় দিন। এদিন ২ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (পরে মেজর জেনারেল) খালেদ মোশাররফ পুনর্গঠিত এ বাহিনীকে ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। নতুন ব্যাটালিয়নটি গঠনের পরপরই সেক্টর কমান্ডার লে. কর্নেল খালেদ মোশাররফ ক্যাপ্টেন জাফর ইমামকে মেজর পদে পদোন্নতির ঘোষণা দেন এবং তাঁকে ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কমান্ডিং অফিসার (সিও) হিসেবে দায়িত্ব দেন। হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও মেজর জাফর ইমামের একাগ্র সাধনা এবং কঠিন পরিস্থিতিতে সুকঠিন বাস্তবতার নিরিখে ক্যান্টনমেন্টে নয়, যুদ্ধক্ষেত্রেই জন্ম নেয় ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে স্থগিত ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগের সদস্যদের সঙ্গে ইপিআর, আনসার ও মুজাহিদ সদস্যদের একীভূত করে ৭৫০ জনেরও বেশি মুক্তিযোদ্ধা সদস্যের সমন্বয়ে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ সীমান্তসংলগ্ন বিলোনিয়ার সুয়ার বাজারের বিপরীতে ভারতের রাজনগর সাব-সেক্টরে ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করা হয়।

বিলোনিয়া যুদ্ধে ১০ম ইস্ট বেঙ্গল দুঃসাহসী ভূমিকা পালন করে এবং শত্রুকে পরাজিত করে অসাধারণ বিজয় অর্জন করে। মুক্ত হয় ফেনী। সামরিক মানদণ্ডের ভিত্তিতে এটি ছিল একটি অসাধারণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অতি সফল ও সার্থক একটি অভিযান হিসেবে এটি ইতিহাসের পাতায় চিরউজ্জ্বল হয়ে থাকবে। বিশ্বের যুদ্ধের ইতিহাস ও সামরিক মানদণ্ডে বিলোনিয়া যুদ্ধ এক ব্যতিক্রমী বীরত্বের উদাহরণ সৃষ্টি করেছে। এ যুদ্ধে শত্রুর বিশাল ক্ষয়ক্ষতি হয়। নিহত হয় তাদের বহু অফিসার ও সৈনিক। বেঁচে যায় কেবল দুজন অফিসার ও ৭২ জন সৈনিক, যারা আত্মসমর্পণ করে।

চূড়ান্ত হলো পরিকল্পনা

মেজর শফিউল্লাহর (বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও প্রাক্তন সেনাপ্রধান) সেক্টর থেকে ক্যাপ্টেন হেলাল মোর্শেদের নেতৃত্বে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্য ১০ম ইস্ট বেঙ্গলের সহযোগিতায় পাঠানোর ব্যবস্থা করা হলো। পরে জাফর ইমাম অন্যান্য অফিসারদের নিয়ে সেখানে উপস্থিত হলেন।

জাফর ইমাম বলেন, আমাদের একটি প্রশস্ত হলরুমের ভেতরে নিয়ে যাওয়া হয়। হলরুমের ভেতরে চারদিকে গ্যালারি, মাঝে একটি ‘স্যান্ড মডেল’ সাজানো ছিল। এই স্যান্ড মডেলটিতে বিভিন্ন রঙের বালি, খেলনার আকারে ছোট ছোট গাছপালা, বাড়িঘর এবং এলাকার নদীনালা, রাস্তাঘাট, পুল-কালভার্ট ইত্যাদির চিত্র সুন্দরভাবে তুলে ধরা হলো। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের একটি সম্প্রসারিত ম্যাপ মডেল আকারে সেদিন আমাদের সবার সামনে তুলে ধরা হলো। চারপাশের গ্যালারিতে আমরা ও ভারতীয় অফিসাররা উপবিষ্ট ছিলাম। প্রথমে জেনারেল হীরা এই স্যান্ড মডেল সম্পর্কে কিছু আলোকপাত করেন এবং একটু পরে তাঁর কয়েকজন ঊর্ধ্বতন অফিসার হাতে লম্বা চিকন কাঠের লাঠি দিয়ে আমাদের এই মডেল অপারেশনের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সার্বিক রণকৌশল তুলে ধরেন।

এভাবেই চূড়ান্ত হলো বিলোনিয়া দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা। ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও মুক্তিবাহিনীর বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট অফিসার ও কমান্ডারদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জাফর ইমাম এবং সবাইকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। পরের দিন জেনারেল হীরা বিলোনিয়াতে আসেন এবং তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হলো মুক্তিবাহিনী।

দল দুটির ৮০ ভাগ সৈন্যই পুরোনো বেঙ্গল রেজিমেন্টের সদস্য। আধুনিক সমরবিদ্যায় প্রশিক্ষিত তাঁরা। এ ছাড়া অস্ত্রেও দল দুটি স্বয়ংসম্পূর্ণ। পরে বাড়তি হিসেবে ১ নম্বর সেক্টর থেকে আরেক কোম্পানি সেনা আনা হয়। সব মিলিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয় সেনাদের।

সেকেন্ড লেফটেন্যান্ট মিজানের অধীনে দশম রেজিমেন্টের ব্রাভো কোম্পানি; সেকেন্ড লেফটেন্যান্ট দিদারের নেতৃত্বে চার্লি কোম্পানি; হেলাল মোর্শেদের (পরে মেজর জেনারেল) নেতৃত্বে ২য় ইস্ট বেঙ্গলের ডেল্টা কোম্পানি; ক্যাপ্টেন মাহফুজের মুক্তিবাহিনী কোম্পানি (১ নম্বর সেক্টরের); সেকেন্ড লেফটেন্যান্ট ইমাম-উজ-জামানের ১০ম ইস্ট বেঙ্গলের আলফা কোম্পানি।

পরিকল্পনা ছিল, মুক্তিবাহিনীর সৈন্যরা পাকিস্তানি বাহিনীর দুই ঘাঁটির মাঝে অবস্থান নিয়ে তাদের বিচ্ছিন্ন করে ফেলবে। সামরিক পরিভাষায় একে বলে সিক্রেট ইনফিলট্রেশন। ছোট এলাকায় এই কৌশল দারুণ কাজে লাগলেও বড় এলাকায় এই কৌশলে যুদ্ধ করা প্রচুর ঝুঁকিপূর্ণ। এই অপারেশন করতে গেলে কিছু জায়গায় পাকিস্তানি বাহিনীর অবস্থানের ১০০ মিটারের মধ্যে চলে যেতে হবে!

পরিকল্পনা করা হলো—পরশুরাম ও চিথলিয়া ঘাঁটি দুটির মাঝ দিয়ে অনুপ্রবেশ করে ভোর হওয়ার আগে এই দুটি ঘাঁটির চারদিকে যে ডিফেন্সশিপ পজিশন গ্রহণ করা হবে, সেই ডিফেন্সের বাম দিকে অর্থাৎ ছাগলনাইয়ার শুভপুর পর্যন্ত এলাকার দায়িত্বে ছিলেন ১ নম্বর সেক্টর কমান্ডার ক্যাপ্টেন রফিকুল ইসলাম বীর উত্তম। বাম দিক দিয়ে ছাগলনাইয়া হয়ে শত্রুপক্ষ যেন মুক্তিবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ করতে না পারে, সেজন্য ১ নম্বর সেক্টর কমান্ডার ক্যাপ্টেন রফিকের ফোর্সকে সতর্ক অবস্থায় রাখা হয়।

২৭ অক্টোবর ১৯৭১, ফজরের নামাজের আগে সুবেহ সাদিকের সময় থেকেই একজন একজন করে মুক্তিযোদ্ধা কমান্ডার অতি সঙ্গোপনে শত্রুর বাঙ্কারগুলোর মাঝখানের ফাঁকা স্থান দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকেন।

৫ নভেম্বর অনুপ্রবেশ-প্রতিরক্ষা-আক্রমণ

আক্রমণের দিন হিসেবে ১৯৭১ সালের ৫ নভেম্বর বেছে নেওয়া হয়। ৫ নভেম্বর সকালে নির্দেশ মোতাবেক ডিফেন্সের বাঙ্কার ছেড়ে ভারতের খানিকটা অভ্যন্তরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এসে সমবেত হন দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যোদ্ধারা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় বাহিনীর ডোগরা রেজিমেন্টকে মুক্তিবাহিনীর ছেড়ে দেওয়া ডিফেন্সে অবস্থান নিতে বলা হয়। ভারতীয় সেনাবাহিনীর গুর্খা ও ২ রাজপুত ব্যাটালিয়নকে আপৎকালীন সহায়তার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়।

রাজনগরে মেজর জাফর ইমাম আসন্ন অপারেশন সম্পর্কে ভারবাল অর্ডার (ভিও) তথা পূর্ণাঙ্গ ব্রিফিং দিলেন। পরিকল্পনা করা হয়—রাতের অন্ধকারে পুরো ব্যাটালিয়নের সৈনিকরা যার যার কমান্ডারের নেতৃত্বে উত্তর-পশ্চিম দিকের সীমান্ত দিয়ে শত্রুর বাঙ্কারগুলোর মধ্যখানের ফাঁকা স্থান দিয়ে শত্রুর নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়বে এবং চিথলিয়া রেলস্টেশনের উত্তর দিক দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে চন্দনা ও সলিয়া হয়ে শুধুমা পর্যন্ত অগ্রসর হবে। পূর্ব সীমান্তে অপেক্ষমাণ সৈনিকরা পাকিস্তানিদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে একইভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুধুমা পর্যন্ত অগ্রসর হবে এবং দুই দিক থেকে অগ্রসরমান সৈনিকরা গুথুমার একটি পয়েন্টে মিলিত হয়ে নিশ্চিদ্র সংযোগ স্থাপন করবে। তাছাড়া পূর্বপরিকল্পনা অনুযায়ী পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ দিকে মুখ করে তারা বাঙ্কার তৈরি করে রাতের মধ্যেই দ্বিমুখী ডিফেন্স তৈরি করবে। এ ছাড়া অস্ত্র, গোলাবারুদ, খাদ্য ও অন্যান্য সরবরাহ নিশ্চিত করার জন্য দুই দিকের ডিফেন্সের মাঝখান দিয়ে যোগাযোগ পরিখা খনন করবে। এতে পরশুরাম ও বিলোনিয়াতে অবস্থানরত শত্রু বাহিনী উত্তর দিকের পকেটে আটকা পড়বে, চিথলিয়া-ফুলগাজী-মুন্সিরহাট ও ফেনী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যুদ্ধ করে হয় তাদের আমরা ঘায়েল করব, অথবা যুদ্ধ করতে করতে হতাহতের কারণে তাদের সংখ্যা কমতে থাকলে, কিংবা গোলাবারুদ ও রসদ শেষ হয়ে গেলে অথবা শারীরিক ও মানসিকভাবে দুর্বল বা হতোদ্যম হয়ে পড়লে তারা আমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে অথবা তাদের জীবিত আটক করা হবে। সংক্ষেপে মিশন: ‘অনুপ্রবেশ-প্রতিরক্ষা-আক্রমণ ও বিজয়’।

১৯৭১ সালের নভেম্বরের অন্ধকার শীতের রাত। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। হিমেল হাওয়ায় গাছের পাতায় যেন একটি অশরীরী শব্দ সৃষ্টি করছিল। মনে হচ্ছিল, সমস্ত রাতটা যেন কিছুর প্রতীক্ষায় আছে। রাত আনুমানিক সাড়ে দশটা। শুরু হয় অনুপ্রবেশের কাজ। ভারতের এক প্রান্তের সীমান্ত থেকে পরশুরাম-চিথলিয়ার মাঝ দিয়ে অগ্রসর হয়ে ভারত সীমান্তের অপর প্রান্ত পর্যন্ত অবরোধ করার সিদ্ধান্ত নেন জাফর ইমাম। এ অবরোধ যদি সফল হয়, তবে শত্রুরা সহজেই ফাঁদে আটকা পড়বে।

অবরোধের কাজ শুরু হলো। অন্ধকার রাতে মুহুরী নদী ও সিলোনিয়া নদীর কোথাও বুকপানি, কোথাও কোমরপানি, কোথাও বা পিচ্ছিল রাস্তার বাধা পেরিয়ে এগিয়ে চলছিল সবাই। জাফর ইমাম বলেন, “প্রথমে মুহুরী নদী অতিক্রম করল লে. মিজানুর রহমানের নেতৃত্বে বি কোম্পানি ও লে. দিদারের নেতৃত্বে ডি কোম্পানি। এই দুই কোম্পানির পরে ১০ম ইস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার কোম্পানি ও ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে আগত ক্যাপ্টেন হেলাল মোর্শেদের নেতৃত্বে আরেকটি কোম্পানিসহ আমি নদী অতিক্রম করে সবাই পূর্বনির্ধারিত এলাকায় অবস্থান গ্রহণের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখি। আমরা যখন রেলওয়ে ও কাঁচা রাস্তার কাছাকাছি এগিয়ে এলাম, তখনই দেখলাম শত্রুপক্ষের ডিউটিরত একটি দল রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা টুপ করে লুকিয়ে গেলাম—কেউবা রাস্তার আড়ালে, কেউবা জমিনের আড়ালে। ওরা কিছুই টের পেল না। নিশ্চিন্ত মনে গল্প করতে করতে চলে গেল। বিপদ কেটে গেল। এদিকে রাত বাড়ছে। আমি দ্রুত কোম্পানি কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করলাম। তাঁরা জানালেন, সব ঠিক আছে। নিরাপদেই অবরোধের কাজ চলছে। ভোর হওয়ার আগেই আমরা নির্ধারিত স্থানে পৌঁছালাম। এর ফলে পরশুরাম ও চিথলিয়া ঘাঁটিতে অবস্থানরত শত্রুসেনারা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

অনুপ্রবেশের পরপরই শুরু হয় বাংকার খননের কাজ। বাংকারগুলো উত্তর ও দক্ষিণমুখী করে তৈরি করা হয়। মাঝখানে যোগাযোগ পরিখার জন্য জায়গা রাখা হয়। বৃষ্টির পানিতে খনন করা বাংকার ভরে যাওয়ায় কাজটি ছিল অত্যন্ত কঠিন। দুইজন বাংকার খনন করলে অন্য দুজনকে পানি সরাতে হতো। অমানুষিক পরিশ্রমের পর রাতের মধ্যে বাংকার ও যোগাযোগ পরিখা তৈরি শেষ হয়। মুক্তিযোদ্ধারা নির্ধারিত অবস্থানে অবস্থান নেন। এ সময় পাইওনিয়ার প্লাটুনের যোদ্ধারা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা বলেন, ‘৬ নভেম্বর ভোরের আগেই পরশুরাম ও বিলোনিয়ায় অবস্থানরত শত্রুসেনারা অবরুদ্ধ হয়ে পড়ে। প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হানাদার বাহিনী সুরক্ষিত বাংকার থেকে বের হয়নি। তারা বুঝতেই পারেনি, ঘেরাও হয়ে মহাবিপদের মধ্যে পড়েছে।’

বিলোনিয়া থেকে রেললাইনের সমান্তরালে একটি কাঁচা রাস্তা ফেনী পর্যন্ত বিস্তৃত ছিল। ওই রাস্তার পাশের বাংকারগুলোতে মুক্তিযোদ্ধারা সতর্ক অবস্থানে ছিলেন। একপর্যায়ে রেললাইন ধরে একটি ট্রলিতে করে পাকিস্তানি কয়েকজন সৈন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এগিয়ে আসে। নায়েক সুবেদার এয়ার আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তাদের প্রতিহত করেন। আকস্মিক আক্রমণে পাকিস্তানি সৈন্যরা হতাহত হয়। এ ঘটনার পর চিথলিয়া ও পরশুরাম ঘাঁটির পাকিস্তানি বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে।

আক্রমণের পর এয়ার আহমদ বাংকার ছেড়ে নিহত পাকিস্তানি এক কর্মকর্তার কাছ থেকে পিস্তল সংগ্রহ করতে গেলে চিথলিয়া ঘাঁটির দিক থেকে ছোড়া গুলিতে শহীদ হন। তাঁর আত্মত্যাগ সহযোদ্ধাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে।

৯ নভেম্বর দিনভর থেমে থেমে যুদ্ধ চলে। পাকিস্তানি বাহিনী বিরামহীন আর্টিলারি শেলিং করেও মুক্তিযোদ্ধাদের অবস্থান দুর্বল করতে পারেনি। বাধ্য হয়ে তারা বিমান হামলার সহায়তা চায়। বিকেল চারটার দিকে মুক্তিবাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তবে বাংকারগুলোর তেমন ক্ষতি হয়নি।

বিমান হামলায় মুক্তিবাহিনীর অবস্থানের পাশাপাশি নিরীহ গ্রামবাসীর ঘরবাড়িও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ সময় পাকিস্তানি বিমানগুলো নিচু দিয়ে উড়ে আসছিল। মুক্তিযোদ্ধাদের হাতে বিমানবিধ্বংসী অস্ত্র না থাকলেও তাঁদের কাছে ছিল মিডিয়াম মেশিনগান (এমএমজি)। একপর্যায়ে হাবিলদার হাশমতের মেশিনগান থেকে ছোড়া গুলি পাকিস্তানি একটি স্যাবর জেটে আঘাত হানে। বিমানটি কিছুক্ষণ আকাশে চক্কর দিয়ে ভূপাতিত হয়। অন্য বিমানগুলো বোমা হামলা বন্ধ করে ফিরে যায়।

কিছু বর্ণনা অনুযায়ী, বিমানটি কুমিল্লায় বিধ্বস্ত হয়েছিল। তবে পাকিস্তান বিমানবাহিনী এ ঘটনার কথা স্বীকার করেনি। তাদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

১০ নভেম্বর প্রবল প্রতিরোধে পাকবাহিনীর আত্মসমর্পণ

এদিকে রাতেই মিত্রবাহিনীর ২৩ মাউন্টেন ডিভিশনের গোলন্দাজ সহায়তায় শুরু হয় সর্বাত্মক আক্রমণ। ভোরের আগেই পাকিস্তানি বাহিনীর বিলোনিয়া ও পরশুরাম ঘাঁটির পতন ঘটে। এ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর দেড় শতাধিক সৈন্য নিহত হয় এবং ৭০ জন সৈনিক ও দুই কর্মকর্তা আত্মসমর্পণ করেন।

প্রসঙ্গে জাফর ইমাম বীর বিক্রম বলেন, ‘সেদিন ছিল নিঃসন্দেহে দশম ও দ্বিতীয় ইস্ট বেঙ্গলের সংগ্রামী দিনগুলোর একটি স্মরণীয় দিন। কোনো যুদ্ধের ইতিহাসে এর আগে এমএমজি দিয়ে কোনো বিমান ভূপাতিত করা হয়েছে কি না জানা নেই। আমরা তা করতে পেরেছি। গর্বে সবার বুক ভরে উঠল। মিত্রবাহিনীর জেনারেল হীরা ওয়্যারলেসে আমাদের অভিনন্দন জানান। সেদিন রাতে মিত্রবাহিনীর সক্রিয় ও গোলন্দাজ বাহিনীর সহযোগিতায় বিলোনিয়া ও পরশুরাম ঘাঁটিতে প্রচণ্ড আক্রমণ চালাই। শত্রুরা বেশিক্ষণ টিকতে পারেনি। রাতের মধ্যেই আমরা পরশুরাম ও বিলোনিয়া দখল করতে সক্ষম হই।’

জাফর ইমাম আরও বলেন, ‘আমরা সম্পূর্ণ সুস্থ অবস্থায় প্রচুর গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ ৭২ জনকে বন্দী করতে সক্ষম হয়েছিলাম।’ পরশুরাম ও বিলোনিয়া ঘাঁটির পতনের পর চিথলিয়া ঘাঁটির পাকিস্তানি সেনারা মনোবল হারিয়ে ফেলে। মুক্তিবাহিনীর চাপ সহ্য করতে না পেরে তারা নোয়াখালীর বেগমগঞ্জ হয়ে লাকসামে চলে যায়। এতে তাদের অনেক সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয়।

পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে ১০ নভেম্বর বিলোনিয়া শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর মুক্ত হয় ফেনী। পরে পাকিস্তানি বাহিনী পুনরায় সেনা সমাবেশ ঘটালেও বিলোনিয়া পুনর্দখল করতে পারেনি।

জাফর ইমামের ভাষ্য অনুযায়ী, বিলোনিয়ায় পাকিস্তানি সেনাদের কাছে মুক্তিবাহিনীর এই আত্মসমর্পণ ছিল এককভাবে মুক্তিবাহিনীর কাছে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের একমাত্র ঘটনা। এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ফেনীর মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল অধ্যায়।

মহান মুক্তিযুদ্ধে দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২৫ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং অনেকে আহত হন। এ রেজিমেন্টের নয়জন বীর বিক্রম ও চারজন বীর প্রতীক খেতাবে ভূষিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা