ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট বাজারে ব্যাংক থেকে টাকা তুলে দোকানে গেলে কৌশলে এক নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে বোরকা পরিহিত ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ ‘নারীচক্র’। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে জালালিয়া সুইটসে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।
জানা গেছে, ভুক্তভোগী ওই নারী কমুয়া এলাকার বাসিন্দা। তিনি মুন্সীরহাট বাজারের মার্কেন্টাইল ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে জালালিয়া সুইটসে কেনাকাটা করতে যান। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে দুই নারী দোকানে ঢোকেন। এর কিছুক্ষণ পর আরও পাঁচ-ছয়জন নারী প্রবেশ করে তাঁদের সঙ্গে মিশে যান।
ভুক্তভোগীর স্বজনের ভাষ্য, ওই নারীরা বিভিন্নভাবে ব্যস্ত রেখে তার কাছ থেকে কৌশলে ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান। পরে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি।
জালালিয়া সুইটসের মালিক কাজী সাহেদ বলেন, সিসিটিভি ফুটেজে প্রথমে দুই নারী এবং পরে আরও কয়েকজনকে দোকানে ঢুকতে দেখা গেছে। ভুক্তভোগীর ওই নারী সঙ্গে মিশে টাকা নিয়ে গায়েব হয়ে গেছে তারা। ফুটেজ সংরক্ষণ করা হয়েছে।
মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব আবদুল ওহাব বাবুল বলেন, এ ব্যাপারে ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই সচেতন থাকতে হবে। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগেও বাজারের অন্য একটি দোকান থেকে একই ধরনের কৌশলে টাকা ও মুঠোফোন নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, তিনি ঘটনাটি শুনেননি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।