• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
ধর্ষকের শাস্তি কোন দেশে কেমন ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের আইনজীবীরা নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয় ১৬ মাসে ৫৮০ শিশু ধ-র্ষিত, ৪৮৩ জনকে হ-ত্যা দাগনভুঞায় শিশু রামিসা হত্যায় ফাঁসির দাবিতে বিক্ষোভ ৩৪ বছরের কর্মজীবন শেষে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায় নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দোলনে’ বেগম খালেদা জিয়ার অবদান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয়

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি সম্পাদকীয় পদে বিএনপিপন্থী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১টি পদের মধ্যে সহসভাপতি ও ১১টি নির্বাহী সদস্যসহ মোট ১২টি পদে ভোট গ্রহণ হয়।

জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে যখন বিএনপিপন্থী আইনজীবীরা ভোট গ্রহণে ব্যস্ত ছিলেন, তখন আদালতপাড়ার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়। শাপলা ভবনের সামনে কয়েকজন আইনজীবীকে নির্বাচনবিরোধী গান গাইতেও দেখা গেছে।

এদিকে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক আইনজীবীর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি ভোট গ্রহণের সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের ব্যুরোপ্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপারসন অমিত দাশকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।,.

অভিযোগ রয়েছে, নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৫৬০ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ হাজার ১৭৪টি, যা মোট ভোটের প্রায় ৪৭ শতাংশ।

নির্বাচনে সভাপতি পদে তারিক আহমদ, সিনিয়র সহসভাপতি পদে সেলিমা খানম, সহসভাপতি পদে নিলুফার ইয়াসমিন লাভলী এবং সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক পদে তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিছ আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে মো. সরোয়ার হোসাইন লাভলু এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. লোকমান শাহ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন আলী আকবর, দিদারুল আলম, দিলদার আহাম্মদ ভূঁইয়া, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোক্তার উদ্দিন, মমিনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দিন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচনের তফসিল ১ মে ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৪ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার দিন নির্ধারণ ছিল। ওই দিন আওয়ামীপন্থী আইনজীবীরা ‘সাধারণ আইনজীবী পরিষদ’-এর ব্যানারে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তাদের তা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

এরপর ৬ মে জামায়াতে ইসলামী সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’ সমিতির অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা আদালতে গিয়ে নির্বাচন স্থগিতের আবেদন করলেও তা সফল হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার রৌশন আরা বেগম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা