• বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ঈদ যাত্রায় একদিনেই ৭ জেলার সড়কে ঝরল ২৮ প্রাণ

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। তবে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অনেক পরিবারের জন্য এই যাত্রাই হয়ে উঠছে শোকের কারণ। সোমবার (২৫ মে) দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। এছাড়া বগুড়া, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও ঝালকাঠিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ভোর চারটার দিকে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

নিহতদের বেশিরভাগই কম খরচে বাড়ি ফিরতে যাত্রীবাহী বাসের পরিবর্তে ওই ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছরের মেয়ে নিহত হন। নিহতরা হলেন আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প। আহত হয়েছেন আয়েশা বেগম নামে আরও একজন।

অন্যদিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন জেমি আক্তার ও তার মেয়ে তনু আক্তার।

কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন মনির হোসেন, তার স্ত্রী মুন্নি আক্তার ও তাদের শিশু সন্তান আয়ান।

পুলিশ জানায়, ভাতশালা সেতুসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোপালগঞ্জে খাদে বাস, আহত অর্ধশত

গোপালগঞ্জ সদরের সোনাসুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংঘর্ষের জেরে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসচালক নিহত হন এবং আহত হন অন্তত ৫০ জন যাত্রী।

ঝালকাঠিতে ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ গেল মাঠকর্মীর

ঝালকাঠির রাজাপুরে খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিনের ধাক্কায় নিহত হয়েছেন ব্র্যাকের মাঠকর্মী মো. সিহাব উদ্দীন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানচাপ, ঝুঁকিপূর্ণ যাতায়াত এবং অনিরাপদ যানবাহনে যাত্রী পরিবহনকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনী ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক হয়ে যাতায়াতের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা