ভূমি অফিসে না গিয়েই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ৬১ জেলার ভূমি অফিসকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের দায়িত্ব পেয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ কাজের জন্য পরামর্শক সেবা কিনতে সরকারের ব্যয় হবে ৩৬২ কোটি টাকা।
ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কাজ করবে ইউএনডিপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার উদ্দেশ্যে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলার সব ভূমি অফিসকে কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভূমিসংক্রান্ত সেবার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকদের হয়রানি ও সময়ক্ষেপণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক তথ্যভান্ডারে জমির রেকর্ড
প্রকল্পের আওতায় জমির রেকর্ড, খতিয়ানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন তথ্য ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জমির মালিকানা যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে। কেউ জমি কেনার আগে সংশ্লিষ্ট জমির মালিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে জমির নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিকদের সরাসরি ভূমি অফিসে যেতে হয়। অনেক ক্ষেত্রে একই কাজের জন্য একাধিকবার অফিসে যাতায়াত করতে হয়। এতে অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের সহায়তা নেওয়ার প্রয়োজন দেখা দেয়। নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব সেবা অনলাইনে পাওয়ার সুযোগ তৈরি হবে। ফলে ঘরে বসেই প্রয়োজনীয় আবেদন, তথ্য সংগ্রহ ও কর পরিশোধ করতে পারবেন জমির মালিকেরা।
তবে এই উদ্যোগ বাস্তবায়নে ডিজিটাল সেবা ব্যবহারের সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষ, ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞ নাগরিক এবং স্মার্টফোন বা প্রয়োজনীয় প্রযুক্তিসুবিধা নেই এমন ব্যক্তিদের জন্য অনলাইননির্ভর সেবা গ্রহণ কঠিন হতে পারে। তাদের জন্য বিকল্প সহায়তামূলক ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নতুন পদ্ধতিতে ভোগান্তির আশঙ্কা থেকে যাবে।
সুত্র: দৈনিক যুগান্তর