• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মা–বাবাকে ঘরে তালা দিয়ে জমি দখল মেয়ে-জামাতার, উদ্ধার করল পুলিশ

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে সম্পত্তির দখলে নিতে আপন মা-বাবাকে ঘরে তালাবদ্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক মেয়ে ও তার পুলিশ কনস্টেবল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাবা ৬২ বছর বয়সী মসলেম সরকার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, মেয়ে বিউটি বেগম (৪০), জামাতা পুলিশ কনস্টেবল আবু সাইদ (৫০) এবং তাদের ভাড়া করা সন্ত্রাসী সরোয়ার শাহের (৪৭) নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এই হামলা ও দখলযজ্ঞ চালায়। উল্লেখ্য, অভিযুক্ত সরোয়ার শাহের বিরুদ্ধে এর আগে শহরের একটি সিনেমা হল ভাঙচুরের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মসলেম সরকার তার পাঁচ মেয়ের নামে ৫৬ দশমিক ৫০ শতক জমি শর্তসাপেক্ষে লিখে দিয়েছিলেন। দলিলে উল্লেখ ছিল, তিনি ও তার ৫৫ বছর বয়সী স্ত্রী মর্জিনা বেগম যতদিন বেঁচে থাকবেন, এই সম্পত্তি তারাই ভোগদখল করবেন। সেই শর্ত অনুযায়ী ওই জায়গায় দুটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন। অন্য চার মেয়ে এ নিয়ে কোনো আপত্তি না করলেও বিউটি বেগম তার স্বামীর ইন্ধনে বাড়ির পাশের ১৬ শতক জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে মসলেম সরকার বাধ্য হয়ে বিউটিকে দেওয়া জমির শর্ত বাতিল চেয়ে আদালতে একটি মামলা করেন, যা বর্তমানে চলমান।

আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই সোমবার সকালে ভাড়াটে লোকজন নিয়ে এসে মা-বাবাকে ঘরে আটকে রেখে দোকান দুটি জোরপূর্বক দখল করে নেন বিউটি বেগম। এ সময় দোকানগুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম ও কামাল হোসেন জানান, বাবা-মেয়ের দ্বন্দ্বের জেরে তাদের ভাড়াকৃত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এতে তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে তারা এর সুষ্ঠু বিচার চান।

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত বিউটি বেগম মুঠোফোনে জানান, নিজের নামের জায়গা তিনি দখলে নিয়েছেন। স্বামী কর্মস্থলে থাকায় তিনি লোক ভাড়া করে এই কাজ করেছেন। তবে তার স্বামী আবু সাইদ বলেন, শ্বশুর জমির দখল না ছাড়ায় স্থানীয়ভাবে অনেকবার দেনদরবার হয়েছে। কিন্তু ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং স্ত্রী কীভাবে জমির দখল নিয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও হামলার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন অভিযুক্ত সরোয়ার শাহ।

হামলার শিকার হওয়ার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মসলেম সরকার। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর আলী জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করেছে। তবে সে সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র:দৈনিক ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা