ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহসানুল ইসলাম চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। আহত সুমন ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার মো. মোস্তফার ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। একইসময় সড়কে একটি ভ্যানগাড়িকেও চাপা দেয় ট্রাকটি। স্থানীয়রা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।