রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদর উপজেলার ১ নম্বর শর্শদী ইউনিয়নে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ইউনিয়ন যুবদল।
রবিবার (২৮ জুন) ১ নম্বর ওয়ার্ডের আবুপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ও ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মির্জা ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়,প্রতিটি নাগরিকেরও। সেই দায়বদ্ধতা থেকেই যুবদলের উদ্যোগে ইউনিয়নজুড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন,একটি গাছ মানেই একটি প্রাণ, একটি গাছ মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ। আমরা চাই, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজকল্যাণমূলক উদ্যোগেও তরুণরা অগ্রণী ভূমিকা পালন করুক।”
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুর ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, ফেনী জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এম. জহির চৌধুরী, ফেনী জেলা তাঁতি দলের সদস্য সচিব ইয়াসিন বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ সময়োপযোগী। তরুণদের নিয়ে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।
আয়োজকদের ভাষ্য, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় শর্শদী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক গাছের চারা রোপণ করা হবে।
সবুজের বার্তা ছড়িয়ে দিয়ে সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকাজুড়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন আয়োজকেরা।