একইদিনে ফেনী শহর ও সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে দুই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালের দিকে আওয়ামী লীগের ব্যানারে ফেনী শহরের ট্রাঙ্ক রোডে এবং ছাত্রলীগের ব্যানারে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে এই ঝটিকা মিছিল করা হয়। গতকাল মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
আজ সকালে ফেনীর ট্রাঙ্ক রোডে ‘ফেনী পৌর আওয়ামী লীগ’ লিখা সম্বলিত ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ব্যানারে ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত মিছিল’ লেখা ছিল। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে ১৫ থেকে ২০ জনের একদল তরুণকে এই ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগ মাস্ক পরিহিত ছিল। ভিডিওর দৃশ্যপট অনুযায়ী, মিছিলটি ফেনী মডেল থানা থেকে অল্প দূরে শহরের ট্রাঙ্ক রোডের মুক্তবাজারের সামনে থেকে কুমিল্লা বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লোকের অংশগ্রহণে একটি মিছিলের ভিডিও দেখা গেছে। তবে মিছিলের স্থান এবং তা আজকের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে উপস্থিতিদের শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে একই দিন সোনাগাজী উপজেলা পরিষদের সামনে ১০ থেকে ১২ জনের একটি দলের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিল করছে। ভিডিওর দৃশ্যপট অনুযায়ী সকালের দিকে মিছিলটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘রোডম্যাপ চূড়ান্ত, স্বদেশ প্রত্যাবর্তন-২ লোডিং’। ব্যানারে সোনাগাজী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীর নাম লেখা রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদের সামনের সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে ব্যানার গুটিয়ে স্থান ত্যাগ করে ফেনীর দিকে চলে যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, শুক্রবার ভোরে ফেনী সদর থেকে একটি মাইক্রোবাসে করে বেশকয়েকজন যুবক সোনাগাজীতে নামেন। এ সময় তারা একটি ব্যানার প্রদর্শন করে কিছু স্লোগান দিয়ে ঝটিকা একটি মিছিল করে দ্রুত ব্যানার গুটিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪-৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার পৌর এলাকার ছাড়াইতকান্দি গ্রামের সৌদি প্রবাসী আবু ইউসুফের ছেলে মো. আবু জুবায়ের সানিকে (২২) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মিছিলে জড়িত অন্যদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যারা মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।