ফেনী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘ফেনী সেন্ট্রাল হাই স্কুল’-এর দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির হক চৌধুরী বেলালকে তার অবসর উপলক্ষ্যে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় কর্মজীবন শেষে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট এবং বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে প্রিয় শিক্ষককে সম্মান জানান। যখন বিদায়ী শিক্ষকের সহধর্মিণী নাসিমা আক্তার তাকে ফুলের মালা পরিয়ে দেন এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ফেনী সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তাসলিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে জহির হক চৌধুরী বেলাল কখনো সহকর্মীদের সঙ্গে বিরূপ আচরণে জড়াননি। সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি বেলাল স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তারা জহিরুল হক চৌধুরী বেলালের শিক্ষকতার নানা দিক তুলে ধরেন। এসময় তারা বলেন, তিনি অবসরে গেলেও তার অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ বিদ্যালয়ের জন্য সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে সহকর্মীরা আবেগ প্রকাশ করে বলেন, শিক্ষকরা কখনো বিদায় নেন না, তারা শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। পাশাপাশি, অবসরে যাওয়া শিক্ষকদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে বিদ্যালয়ে একটি স্থায়ী তহবিল গঠনের দাবি জানান তারা, যা অবসর-পরবর্তী সময়ে শিক্ষকদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), দিবা শাখা,তাজুল ইসলাম ও আশফাতুন নাহার, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), প্রভাতি শাখা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মো. ইউনুস, কোহিনুর আক্তার, আনোয়ার হোসেন বরকন্দাজ ও আনোয়ার হোসেন ভূঁইয়া, কপিল উদ্দিন মামুন, নাছির উদ্দিন খোকন, ইমাম উদ্দিন ও জহিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী শিক্ষক জহির হক চৌধুরী বেলাল নিজেই এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলেন, যা তার এই বিদায়কে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কপিল উদ্দিন মামুন নিজ গাড়িতে করে বেলাল স্যারকে রাজকীয়ভাবে তার বাড়িতে পৌঁছে দেন।